chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হামে ৩ শতাধিক শিশুরমৃত্যু: ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে তিন শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছে ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী। একই সঙ্গে হামকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি ভিত্তিতে সর্বাত্মক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

 

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানায় সংগঠনটি। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে সাবেক প্রশাসনের ব্যর্থতার কারণেই বিপুলসংখ্যক শিশুর প্রাণহানি ঘটেছে।

 

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। তিনি দাবি করেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত হামকে মহামারি ঘোষণা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, হামের বিস্তার ঠেকাতে না অন্তর্বর্তী সরকারের সময় কার্যকর উদ্যোগ দেখা গেছে, না বর্তমান সরকারের সময় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপনে আপত্তি তোলার ঘটনায় ডাকসু নেতাদেরও সমালোচনা করেন তিনি।

 

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, হাসপাতালে রেজিস্টার্ড তথ্য অনুযায়ী দেশে ইতোমধ্যে তিন শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি অভিযোগ করেন, সংকটময় পরিস্থিতিতে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

 

সমাবেশে সভাপতির বক্তব্যে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় বলেন, দেশের শিশুরাই ভবিষ্যৎ প্রজন্ম। কিন্তু হামের বর্তমান পরিস্থিতি প্রাকৃতিক নয়, বরং এটি প্রশাসনিক ব্যর্থতার ফল। তিনি রাজনৈতিক বিভিন্ন পক্ষের ভূমিকাও সমালোচনা করেন।

 

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত এবং দায়ীদের বিচারের দাবি জানান।

এই বিভাগের আরও খবর