বিশ্বজুড়ে মেটার সার্ভারে বিপর্যয়, ফেসবুক-মেসেঞ্জার ব্যবহারে সমস্যা
বিশ্বজুড়ে মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি সমস্যার কারণে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য ব্যবহারকারী। অনেকেই নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুরের পর থেকে হঠাৎ করেই এ সমস্যা দেখা দেয়। তবে কিছু ব্যবহারকারী মোবাইল অ্যাপের মাধ্যমে সীমিত পরিসরে সেবা ব্যবহার করতে পারছেন বলেও জানা গেছে।
ওয়েবসাইট ও অনলাইন সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে হাজারো ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
ব্যবহারকারীদের কেউ কেউ জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে ‘অ্যাকাউন্ট টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখাচ্ছে। ফলে অনেকেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তবে মেটার পক্ষ থেকে এখনো এই সার্ভার সমস্যা বা কারিগরি ত্রুটির কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
ফরিদা|চখ