chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে অপহৃত ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার মো. ইসমাইল (৫১) নামে এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ১৫ জুলাই সকাল সাড়ে ১০ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার বাসিন্দা মো. ইসমাইল (৫১) হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের অপহরণকারী চক্রের হাতে অপহৃত হন। এ ঘটনায় তার বোন সমসু নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৩৯) করেন।

ঘটনার পর র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে ভিকটিমকে উদ্ধারে মাঠ পর্যায়ে ব্যাপক অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার বিকেল ৩টা ৫ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাবের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে অপহৃত ইসমাইলকে উদ্ধার করেন। তবে অভিযানের সময় অপহরণকারীরা গহীন পাহাড়ে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ইসমাইল জানান, অপহরণকারীরা তাকে পাহাড়ি এলাকায় আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের টাকা আদায়ের জন্য তার ওপর অমানবিক শারীরিক নির্যাতনও চালানো হয়।

আ. ম. ফারুক বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর