chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুয়েটে শুরু সাইব্লিজ ২.০ প্রতিযোগিতা

দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের ১১০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় গবেষণা ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা ‘সাইব্লিজ ২.০’। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করেছে চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ। গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট), ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সহ দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধন করেছেন।

প্রতিযোগিতায় চারটি সেগমেন্ট রাখা হয়েছে। এগুলো হলো থ্রি মিনিট থিসিস, স্টেমবি, এআই হ্যাকাথন এবং প্রজেক্ট শোকেজিং। শুক্রবার প্রথম দিনে স্টেমবি, এআই হ্যাকাথন ও প্রজেক্ট শোকেজিং অনুষ্ঠিত হয়। এসব সেগমেন্টের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছেন ২৩০ জন ফাইনালিস্ট। একই দিনে বিকেলে দুটি কী-নোট সেশনে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা।

শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে অনুষ্ঠিত হবে থ্রি মিনিট থিসিসের চূড়ান্ত পর্ব। এতে ৬০টি দলের ১৬৯ জন প্রতিযোগী অংশ নেবেন। পাশাপাশি পাঁচটি কী-নোট সেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য রাখা হয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকারও বেশি।

হ্যাকাথন প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ফাহিম বিন জামান বলেন, “আয়োজক কমিটি পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে। এমন আয়োজনে অংশ নিতে পেরে বেশ ভালো লাগছে।”

এআই হ্যাকাথনে অংশ নেওয়া চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সমন্বিতা সরকার বলেন, “আজ সাইব্লিজ এআই হ্যাকাথনে আমাদের প্রথম প্রেজেন্টেশন ছিল। শুরুর আগে একটু নার্ভাস ছিলাম, কিন্তু প্রোগ্রামের আমেজে ঢুকতেই সেই জড়তা কেটে যায়। বাকি সময়টা বেশ উপভোগ করেছি।”

আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি মো. ইনজামাম উল হক সিয়াম বলেন, “গত বছর বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে থ্রি মিনিট থিসিস কম্পিটিশনের মাধ্যমে সাইব্লিজের যাত্রা শুরু হয়। আমরা মোট ৯টি দলকে প্রাইজমানি দিচ্ছি, যা গবেষণায় নিয়োজিতদের জন্য অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে। আমাদের এই থ্রি মিনিট থিসিস কম্পিটিশন শুধু চতুর্থ বর্ষের গবেষকদের জন্য নয়, বরং গবেষণার ধারণা রয়েছে এমন সবার জন্যই আয়োজন করা হয়েছে।”

উল্লেখ্য, ‘সাইব্লিজ ২.০’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে শিস্টেম এবং কারিগরি সহযোগী হিসেবে রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন।

এইচএম/চখ

এই বিভাগের আরও খবর