chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাই হ্রদে ডুবে বিএনপি নেতা নিখোঁজ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা থেকে নৌ-পথে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ হয়েছেন স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ও মৌসুমি ফল ব্যবসায়ী মো. মাসুদ (৫০)।

শনিবার কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ বিএনপি নেতা কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় মৌসুমি ফল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিএনপি নেতা মো. মাসুদ বিলাইছড়ির ফারুয়া বাজার থেকে বিভিন্ন মৌসুমি ফল ও কাঁচামাল সংগ্রহ করে সকালে ইঞ্জিনচালিত নৌকাযোগে কাপ্তাই জেটিঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন।

এসময় স্থানীয়রা রাইংখ্যং বাজার সংলগ্ন এলাকায় মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি পড়ে থাকতে দেখেন এবং ওই এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে স্থানীয়রা ধারণা করেন।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ বলেন, “আমরা দেরিতে খবর পাওয়ার পর কাপ্তাই নৌবাহিনীকে ঘটনাটি জানাই। পরে ডুবুরি দল এসে ওইদিন (শনিবার) সন্ধ্যা থেকে মাসুদের সন্ধানে কাপ্তাই হ্রদের পানিতে তল্লাশি অভিযান চালায়। কিন্তু তার কোনো হদিস না পেয়ে রাত ১১টার দিকে তল্লাশি অভিযান আপাতত স্থগিত করে।”

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে নিখোঁজের এখনো সন্ধান মেলেনি।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর