chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সংসদ সদস্য বাচ্চুকে বিএনপির শোকজ

দুই বছর আগে বহিষ্কৃত হওয়ার পর বিএনপিতে ফিরে সংসদ সদস্য হয়েছিলেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু; এবার নতুন অভিযোগ ওঠায় তাঁকে শোকজ (কারণ দর্শানো) নোটিশ দেওয়া হয়েছে ।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে এবার দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাঁর ব্যাখ্যা চাওয়া হয়েছে।

শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই নোটিশ পাঠানো হয়। এতে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে ফখর উদ্দিন আহমেদের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানে ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগ ওঠার পর ফখর উদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

এবারের চিঠিতে সেই প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, ‘৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে আপনাকে গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বহিষ্কার করা হয়েছিল। কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করার পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক উক্ত বহিষ্কারাদেশ গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে প্রত্যাহার করে আপনার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি ও আপনার ঘনিষ্ঠ লোকজন আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে।

‘আপনার বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কার্যকলাপের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।’

এই নোটিশের বিষয়ে সংসদ সদস্য ফখর উদ্দিনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফখর উদ্দিন আহমেদ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। ভালুকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দখলে নেওয়ার অভিযোগ ওঠায় আগে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। তখন অবশ্য দখলের অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর