chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

“ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার”

“ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে পর্যায়ক্রমে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। বন্যার সময় দ্রুত পানি নিষ্কাশনের জন্য সুইচ গেইটের সব জলকপাট খোলা রাখা হবে।”

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো পরিবার যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

ত্রাণ বিতরণের আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাতামুহুরি উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রয়াত মেজবাহ উদ্দিন চৌধুরী বেলাল মিয়ার কবর জিয়ারত করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক সাবের আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হাফিজ এবং ঢেমুশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাইরাস চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর