ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটের ঘটনায় অন্যতম সংগঠক মাইকেলসহ সরাসরি অংশগ্রহণকারী ৯ জন হামলাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শনিবার র্যাব-৭ এর বিভিন্ন আভিযানিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), আব্দুল মুমিন (৩০), মাসাদ মিয়া (২৭), দিদার মিয়া (২২), সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং সাইফুদ্দিন (৩২)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ১১ জুলাই চকবাজার থানাধীন ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামক ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ডেভিড-ইমন নামে পরিচয়ধারী এক সন্ত্রাসী এককালীন ২ কোটি টাকাসহ প্রতি মাসে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কোম্পানির স্বত্বাধিকারী চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করলে, দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ১৩ জুলাই অজ্ঞাতনামা ৩০/৪০ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত অফিসে অনুপ্রবেশ করে।
সন্ত্রাসীরা অফিসে রক্ষিত আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ অফিসের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ভাঙচুর করে। একই সাথে তারা অফিসে রক্ষিত কর্মচারীদের বেতন বাবদ নগদ ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) এর ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে একটি মামলা করেন।
ফরিদা/চখ