chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খলিফা ওমরের নামাঙ্কিত শিলালিপি আবিষ্কার

সৌদি আরবের মদিনায় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাবের (রা.) নামাঙ্কিত একটি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। সৌদি আরবের ঐতিহ্যবিষয়ক কমিশন জানিয়েছে, মদিনা প্রদেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপের সময় এ শিলালিপি পাওয়া যায়।

সম্প্রতি কমিশন জানিয়েছে, আল মাহদ গভর্নরেটে পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপে গুরুত্বপূর্ণ শিলালিপিটি আবিষ্কৃত হয়েছে। এটি ওই জরিপের প্রথম ও দ্বিতীয় ধাপে পাওয়া মোট ১ হাজার ৭৭৪টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম।

কমিশনের মতে, জরিপকারীরা এ অঞ্চলে আগে অজানা ছিল এমন ১৭৩টি প্রত্নতাত্ত্বিক স্থানের সন্ধানও পেয়েছেন। এসব আবিষ্কার প্রমাণ করে যে আল মাহদ অঞ্চলটি ‘সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের’ অধিকারী।

আবিষ্কৃত প্রত্নসম্পদের মধ্যে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামাঙ্কিত ১৭৩টি শিলালিপি এবং পাথরে লেখা প্রাচীন আরবি কবিতা।

কমিশনের পরিসংখ্যান অনুসারে, আবিষ্কৃত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে এক হাজার ২৫৯টি শিলালিপি, ৪৬১টি ইসলামী শিলালিপি, সামুদ ভাষায় লেখা ৩৪টি শিলালিপি, ১১টি পাথরের কাঠামো, তিনটি প্রাসাদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা, কাফেলা পথের দুটি মাইলফলক এবং চারটি কূপ।

নবী হজরত মুহাম্মদ (সা.) ঘনিষ্ঠ সহচর ও ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী সাম্রাজ্য শাসন করেন।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর