chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ প্রকাশ

দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, ইতিহাসে প্রথমবারের মতো তলানিতে রাশিয়া

বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অন্যতম প্রধান সূচক ‘গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২৬’ প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) কর্তৃক প্রকাশিত এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ শান্তিপূর্ণ দেশের মর্যাদা লাভ করেছে বাংলাদেশ। এই তালিকায় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোকে পেছনে ফেলে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে দেশ। বৈশ্বিক এই মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশকে ‘মিডিয়াম’ বা মধ্যম শান্তির স্তরে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

মোট ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও ভূখণ্ড নিয়ে তৈরি এই সূচকে বাংলাদেশের অবস্থান ১১৭তম, এবং সামগ্রিক স্কোর ৫-এর মধ্যে ২.২২৬। উল্লেখ্য, এই সূচকে যার স্কোর যত কম, সেই দেশে শান্তির মাত্রা তত বেশি বলে বিবেচিত হয়। প্রধান তিনটি ক্ষেত্র—সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত এবং সামরিকীকরণের ওপর ভিত্তি করে এই সূচক নির্ধারিত হয়েছে। এবার বাংলাদেশের প্রাপ্ত স্কোরের চিত্রে দেখা যায়, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষায় ২.৫৭৯, চলমান সংঘাতে ২.২৩৭ এবং সামরিকীকরণে ১.৬১৫ স্কোর এসেছে।

দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক চিত্রে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে ভুটান (বৈশ্বিক অবস্থান ১৬তম)। ৬৭তম বৈশ্বিক অবস্থান নিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কা এবং ১১১তম স্থানে থেকে তৃতীয় নেপাল। ভারতের অবস্থান বিশ্বে ১২৭তম এবং পাকিস্তান ও আফগানিস্তান যথাক্রমে ১৫২ ও ১৫৭তম স্থানে রয়েছে। অপরদিকে, বৈশ্বিকভাবে টানা ১৯ বছরের মতো সবচেয়ে শান্তিপূর্ণ দেশের শীর্ষস্থানটি ধরে রেখেছে আইসল্যান্ড। তবে ইউক্রেন যুদ্ধ ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতার জেরে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের তকমা জুটেছে রাশিয়া।

এই বিভাগের আরও খবর