ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, আক্রান্তে দুইজনের মৃত্যু
ভারতের অন্ধ্র প্রদেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রাজ্যের ওয়াইএসআর কাদাপা জেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও কয়েকজনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ওই জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি, করোনা পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা গেছে, কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশির পর করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, কাদাপার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা শনাক্ত হয়। পরে করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ছাড়া কাদাপা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সংক্রমণের বিস্তার ঠেকাতে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে কয়েক ডজন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। ভাইরাসের ধরন জানতে কিছু নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।
অন্ধ্র প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে। হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা, আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং জনসমাগমপূর্ণ স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে এবং জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তাসু/চখ
