chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লার্ভা পেলেই জরিমানা

ডেঙ্গু রোধে ২-৩ দিন পরপর মোবাইল কোর্ট

দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে এখন থেকে প্রতি দুই-তিন দিন পরপর মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যেসব প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাৎক্ষণিক জরিমানা করা হবে।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ডেঙ্গু প্রতিরোধে ‘তিন মাসের বিশেষ অভিযান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের বরাত দিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, এবারের ডেঙ্গুর রূপ বেশ আশঙ্কাজনক হতে পারে। “চিকিৎসকেরা আশঙ্কা করছেন, এবার ‘হেমোরেজিক’ ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে, যার ফলে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই আমাদের সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ডিএসসিসি এলাকার বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জানান: ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ৬৩টি, অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ড২৮টি । ডিএসসিসি প্রশাসক জোর দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সিটি করপোরেশনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। সচেতনতায় জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ—উভয় পক্ষ সমানভাবে এগিয়ে আসলেই কেবল ডেঙ্গু মুক্ত সমাজ গড়া সম্ভব।

তথ্যসূত্র: বাসস

 

মুন্নি/চখ

 

এই বিভাগের আরও খবর