chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শক্তিশালী হচ্ছে মৌসুমি বায়ু

১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে ক্রমশ শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা)। ইতোমধ্যে দেশের তিনটি প্রধান বিভাগ—বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বর্ষা পুরোপুরি বিস্তার লাভ করেছে। আবহাওয়াবিদদের ধারণা, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে পুরো দেশই বর্ষার চাদরে ঢেকে যেতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে আজ সন্ধ্যার মধ্যেই দেশের ১৪টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাঞ্চলের মধ্যে রংপুর, দিনাজপুর ও বগুড়া। মধ্যাঞ্চলের মধ্যে ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ। দক্ষিণাঞ্চলের মধ্যে খুলনা, বরিশাল ও পটুয়াখালী। দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার ও পূর্বাঞ্চলের মধ্যে সিলেট রয়েছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মৌসুমি বায়ু দেশের বেশ কিছু বিভাগে প্রবেশ করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তা সারাদেশে ছড়িয়ে পড়বে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বর্ষা সক্রিয় হলেও দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ এখনই পুরোপুরি কাটছে না। রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে একদিকে বৃষ্টি আর অন্যদিকে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম মিলিয়ে দেশে একটি মিশ্র আবহাওয়া বিরাজ করতে পারে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর