দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মানবিক পুলিশিংয়ের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশকে আরও পেশাদার, দায়িত্বশীল ও মানবিক হতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম সব ক্ষেত্রেই বাংলাদেশ পুলিশ দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছে।
রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনস-এ পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়া প্রমাণ করেছে যে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশের সদস্যরা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় তাদের ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, নারী পুলিশ সদস্যরাও জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রশংসা কুড়িয়েছেন। তাই দেশের জনগণও পুলিশের কাছ থেকে মানবিক আচরণ প্রত্যাশা করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন এবং বাহিনীর সদস্যদের জনগণের আস্থা অর্জনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে এই রাজারবাগ পুলিশ লাইনসেই হানাদার পাকিস্তানি বাহিনী বর্বর হামলা চালিয়ে বহু পুলিশ সদস্যকে হত্যা করেছিল। শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সদস্যদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি রাষ্ট্রীয় বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
প্যারেড পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পুলিশের বর্ণিল ও সুশৃঙ্খল আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দায়িত্ববোধ, আত্মমর্যাদা ও দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণ এখন শান্তি ও নিরাপত্তা চায়, আর সেই প্রত্যাশা পূরণে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের মানুষের জানমাল রক্ষায় পুলিশ সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা দিয়ে দায়িত্ব পালন করবেন।
মুন্নি/চখ