chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাম্পে তেলের লাইনের জন্য কোম্পানিগুলোকেই দায় দিলেন জ্বালানিমন্ত্রী

দেশে সাম্প্রতিক জ্বালানি সংকট ও বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনের পেছনে তেল বিপণনকারী কোম্পানিগুলোর গাফিলতির অভিযোগ তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, জ্বালানি সচিবের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় সংকট আরও প্রকট হয়ে ওঠে।

 

শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

 

তিনি দাবি করেন, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম কারণ’ও ছিল এবং এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত থাকতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে ব্যর্থতার কথাও স্বীকার করেন তিনি।

 

মন্ত্রী বলেন, সঠিকভাবে কাজ হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলেও জানান তিনি।

 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর গত ৭৫ দিন তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েই ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি খনিজ সম্পদ বিভাগেও এবার প্রথমবারের মতো কাজ করার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

 

গবেষণায় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বড় বাজেট ঘোষণা করা হলেও গবেষণা খাতে বরাদ্দ তুলনামূলক কম। গবেষণায় পিছিয়ে থাকলে দেশকে দীর্ঘদিন অন্যের ওপর নির্ভরশীল থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর