chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এপ্রিলে নারী-শিশু নির্যাতনের শিকার ২৯৪ জন, মব সহিংসতায় নিহত ২২

দেশে এপ্রিল মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন ২৯৪ জন। তাঁদের মধ্যে ৬৮ জন ধর্ষণ এবং ৩০ জন গণধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২২ জন।

 

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন, সংগঠনের নিজস্ব তথ্য সংগ্রহ ও ফ্যাক্ট ফাইন্ডিংয়ের ভিত্তিতে এপ্রিল মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

 

মব সহিংসতায় উদ্বেগ

 

প্রতিবেদনে বলা হয়, এপ্রিলজুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার, বাকবিতণ্ডা ও ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ৪৪টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহত হন ২২ জন এবং আহত হন আরও ৩৯ জন।

 

নারী শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

 

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৭৯ জন নারী ও কন্যাশিশু। যৌতুক-সংক্রান্ত নির্যাতনে নিহত হয়েছেন ৮ জন নারী। পারিবারিক সহিংসতায় প্রাণ গেছে ৬৪ নারীর, আহত হয়েছেন ৩৬ জন এবং আত্মহত্যা করেছেন আরও ৩৬ জন। এসিড নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন একজন।

 

শিশু নির্যাতনের তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ১৯১ শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে ১৩৪ শিশু।

 

রাজনৈতিক সহিংসতায় নিহত

 

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে ৯৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ৫৩৩ জন। এর আগের মাস মার্চে ১১৩টি ঘটনায় নিহত হয়েছিলেন ১৮ জন এবং আহত হয়েছিলেন ৯১২ জন।

 

সংগঠনটির দাবি, অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, দলীয় কোন্দল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে।

 

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৪০টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪৭ জন এবং নিহত হয়েছেন ৪ জন। বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত হয়েছেন ১১৩ জন, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ৫৮ জন এবং বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত হয়েছেন ২৬ জন।

 

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার অন্তত ১৩টি ঘটনায় আহত হয়েছেন ৩২ জন এবং নিহত হয়েছেন ৬ জন। নিহতদের মধ্যে বিএনপির ৩ জন, আওয়ামী লীগের ২ জন ও জামায়াতের ১ জন রয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ৩৭ জন রাজনৈতিক কর্মী।

 

এ ছাড়া আধিপত্য বিস্তার, দখলদারিত্ব ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ২৬টি ঘটনায় বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

সাংবাদিক সংখ্যালঘু নির্যাতন

 

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ৪০টি হামলার ঘটনায় ৭৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

 

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৮টি হামলার ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। হামলা ও ভাঙচুর করা হয়েছে ৩টি মন্দির, ২টি প্রতিমা ও একটি বসতবাড়িতে।

 

এ ছাড়া কুষ্টিয়ায় একটি মাজারে হামলায় নিহত হয়েছেন পীর আব্দুর রহমান ওরফে শামীম। আহত হয়েছেন তাঁর ১০ অনুসারী।

 

সীমান্ত শ্রমিক পরিস্থিতি

 

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৮টি ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হন। বিএসএফের হাতে আটক হয়েছেন ৮ জন। পাশাপাশি সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন দুই বাংলাদেশি।

 

শ্রমিক নির্যাতনের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ৮০টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন ১১৬ জন। কর্মক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তা সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় মারা গেছেন আরও ৬৪ শ্রমিক।

 

এ ছাড়া রাজধানীর বনানী ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুই গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর