chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালিশহরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবারের পাশে নগদ অর্থ ও খাবার নিয়ে এমপি সাঈদ আল নোমান

হালিশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে পরিবারগুলো। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে তাৎক্ষণিক মানবিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

মঙ্গলবার সকালে হালিশহরের ‘আই’ ব্লকের একটি পেশকার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই আই ব্লকের ওই পেশকার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরগুলোর আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলোর ১৮ জন সদস্য সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন। দুপুরের পর থেকেই খাবার ও পরিধেয় বস্ত্রের চরম সংকটে পড়ে খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতি তৈরি হয় তাদের।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
তাৎক্ষণিক পুনর্বাসনের জন্য এমপি সাঈদ আল নোমান নিজের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি নতুন করে নির্মাণ শুরু করার জন্য তাৎক্ষণিক ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। ৫টি পরিবারের ১৮ জন সদস্যের জন্য দুপুর, রাত এবং পরের দিন সকালসহ মোট তিন বেলার খাবারের সম্পূর্ণ ব্যবস্থা করেন। পরিধেয় বস্ত্রের সংকট মেটাতে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে শাড়ি বিতরণ করে। একই সাথে তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে (ডিসি) ফোন করে ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত টিনের ব্যবস্থা করার তাগিদ দেন।
অগ্নিকাণ্ডের পরপরই জনপ্রতিনিধিকে এভাবে পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় বাসিন্দারাও সংসদ সদস্যের এই দ্রুত ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
স্থানীয়রা জানান, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তাৎক্ষণিকভাবে একজন জনপ্রতিনিধির এভাবে এসে দাঁড়ানোর নজির খুব কম। প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমান যেভাবে এ অঞ্চলের মানুষের সাথে আত্মার সংযোগ তৈরি করেছিলেন, তাঁর পুত্র সাঈদ আল নোমানও ঠিক বাবার পথেই হাঁটছেন।

এমপি সাঈদ আল নোমানের পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর