১৭ বছর আগের হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামের বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় সংঘটিত আলোচিত পলাশ হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মাহমুদুল হাসান প্রকাশ সোহেল ও আইয়ুব আলী প্রকাশ বাবুল।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত দুই আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। এই অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে মো. পলাশকে ২০০৯ সালের ২৭ আগস্ট নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরদিন, অর্থাৎ ২০০৯ সালের ২৮ আগস্ট নিহতের ভাই মো. সম্রাট বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করার পর, ২০১২ সালের ১২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার প্রক্রিয়া প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছিল। পরবর্তীতে তা স্থানান্তরিত হয়ে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসে।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলাটিতে মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ শুনানির পর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মো. পলাশকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।
মুন্নি/চখ