chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চিরকুটের লেখা ধরে পটিয়ায় শিশু জায়হান হত্যার তদন্ত

চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছর বয়সী শিশু জায়হানকে অপহরণ ও হত্যার ঘটনায় মুক্তিপণ দাবি করা চিরকুটের হাতের লেখাকে মূল সূত্র ধরে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া একই পরিবারের তিন প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পটিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফুদ্দিন (৩৯), তাঁর স্ত্রী সানু আকতার (৩৫) ও তাঁদের মেয়ে সাদিয়া সুলতানা (১৯)।

নিহত শিশু জায়হান পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গৌবিন্দারখীল পূর্ব পাড়ার মোহাম্মদ শাহজাহানের ছোট ছেলে। গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় জায়হান। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন বুধবার বেলা তিনটার দিকে জায়হানের বাবা শাহজাহানের নাম উল্লেখ করে তাঁদের ঘরের জানালার পাশে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে জায়হানকে ফেরত দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় ওই দিন বিকেলেই জায়হানের বাবা পটিয়া থানায় একটি অপহরণ ডায়েরি করেন।

চিরকুটের সূত্র ধরে পুলিশ ওই দিন দুপুরেই প্রতিবেশী সাইফুদ্দিনের পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে বুধবার রাতে আটক সাদিয়া সুলতানার দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত বর্জ্যের স্তূপ থেকে জায়হানের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। জায়হানের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর অপহরণ ডায়েরিটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরহাদ জানান, মুক্তিপণ চাওয়া চিরকুটের হাতের লেখার সঙ্গে গ্রেপ্তার সাদিয়া সুলতানার হাতের লেখার মিল পাওয়া গেছে। পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে প্যাডে লেখার নমুনা মিলিয়ে এই নিশ্চিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মৌখিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, হাতে লেখা চিরকুটের সূত্র ধরেই তদন্তের কাজ এগোচ্ছে। হত্যার মূল উদ্দেশ্য এবং এই নৃশংসতায় সুনির্দিষ্টভাবে কে বা কারা জড়িত, তা পুরোপুরি নিশ্চিত হতে গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে দক্ষিণ গৌবিন্দারখীল পূর্ব পাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত বৃহস্পতিবার ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের ঘরবাড়িতে ভাঙচুর চালায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুন্নি /চখ

এই বিভাগের আরও খবর