সীতাকুণ্ডে র্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যা ব-৭, চট্টগ্রাম।
গতকাল ২১ জুন (রবিবার) বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লয়েল রোড এলাকার নবী মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় এক র্যাব সদস্য নিহত হন। ওই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের পর ঘটনার সাথে আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরের সম্পৃক্ততা পায় তদন্তকারী কর্মকর্তা। এরপর থেকেই সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রবিবার বিকেল ৪টা ২৪ মিনিটের দিকে কোতোয়ালী থানার লয়েল রোডস্থ নবী মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামি আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল সওদাগর সীতাকুণ্ডের ছিন্নমূল ৮নং সমাজ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
মুন্নি/চখ