chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশি তৎপরতা জোরদার

চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের একের পর এক ঝটিকা মিছিল

চট্টগ্রাম নিষিদ্ধ দলের মিছিল নিয়ে পুলিশের সাথে ইদুর বিড়াল খেলা করছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা নগররি বিভিন্ন স্থানে একের পর এক ঝটিকা মিছিল বের করছে। সর্বশেষ শুক্রবার সকালে নগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় পৃথক দুটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই নিয়ে চলতি জুন মাসের প্রথম পাঁচ দিনেই নগরে অন্তত পাঁচটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ থেকে জানা যায়, শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর’-এর ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যায়।

মিছিলকারীদের ব্যানারে শিশুমৃত্যু ও ধর্ষণের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদের কথা উল্লেখ ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সড়ক বিভাজকের ওপর উঠে বিভিন্ন স্লোগান দেন।

দলীয় সূত্র জানায়, মিছিলটি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা গোলাম সামদানি জনির অনুসারীরা আয়োজন করেন। একই দিনে তার অনুসারীরা নগরের আউটার রিং রোড এলাকাতেও আরেকটি মিছিল করেছেন বলে জানা গেছে।

এদিকে শুক্রবার একই সময়ে নগরের ষোলশহর এলাকায় মুরাদপুরমুখী সড়কে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বাশারের অনুসারীরা এই মিছিল বের করেন।

চলতি জুন মাসের শুরু থেকেই চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা বেড়েছে। তারই প্রেক্ষিতে ১ জুন জিইসি মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। ৩ জুন (বুধবার) নগরের অনন্যা আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ৫ জুন (শুক্রবার) আগ্রাবাদ, আউটার রিং রোড ও ষোলশহরে আরও তিনটি মিছিল হয়।

১ জুনের মিছিলের পর মহানগরের বিভিন্ন থানা এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবারের মিছিলগুলোর বিষয়ে জানতে চাওয়া হলে সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, আগ্রাবাদ এলাকায় একটি মিছিল হওয়ার তথ্য পুলিশের কাছে রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “মিছিলে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান চালানো হচ্ছে।”

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর