chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে যুবলীগ নেতা ‘কাচ্চি কামাল’ ও সহযোগী বেলাল গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও কথিত শীর্ষ সন্ত্রাসী মো. কামাল ওরফে ‘কাচ্চি কামাল’ (৪৫) এবং তার প্রধান সহযোগী মো. বেলাল হোসেন (৪২) গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার খুলশী থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল নগরের জাকির হোসেন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মো. কামাল ওরফে কাচ্চি কামাল (৪৫) খুলশী থানার জালালাবাদ মুক্তিযোদ্ধা কলোনি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগের সক্রিয় নেতা এবং চট্টগ্রাম মহানগরীর সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। মো. বেলাল হোসেন (৪২) খুলশী কুসুমবাগ এলাকার মৃত হোসাইন মো. আলফাতের ছেলে। তিনি কাচ্চি কামালের সহযোগী হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই দুজনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাকির হোসেন রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

 

মৃুন্নি/চখ

এই বিভাগের আরও খবর