chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বন্যার পানিতে ঘরে ঘরে সাপ, বাড়ছে ঝুঁকি

চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিষাক্ত সাপের উপদ্রব। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বন্যার মধ্যে এখন পর্যন্ত সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, সন্দ্বীপ, মিরসরাই, রাউজান, ফটিকছড়ি ও সীতাকুণ্ডের বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে রয়েছে। বন্যার পানিতে সাপের স্বাভাবিক আবাসস্থল তলিয়ে যাওয়ায় তারা আশ্রয়ের খোঁজে মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ছে।

সম্প্রতি বোয়ালখালীর চরখিজিরপুর এলাকায় একটি বিষধর পদ্মগোখরা ঘরে ঢুকে একটি মুরগিকে ছোবল দেয়। পরে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় সাপটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করেন।

চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। কোথাও সংকট দেখা দিলে জেলা পর্যায় থেকে দ্রুত অ্যান্টিভেনম সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, বন্যা শুরু হওয়ার পর তাদের হাসপাতালে সাপের কামড়ে আহত ১২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সেখানে ৩০ ডোজ অ্যান্টিভেনম মজুত রয়েছে।

চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সৌনম বড়ুয়া বলেন, সাপে কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে শান্ত রেখে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিতে হবে। ক্ষতস্থান কাটা, বিষ চুষে নেওয়া, শক্ত করে বেঁধে রাখা কিংবা ওঝা-কবিরাজের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সরীসৃপ বিশেষজ্ঞ ড. মো. ফরিদ আহসান বলেন, বন্যার কারণে সাপের আবাসস্থল ডুবে যাওয়ায় তারা শুকনো জায়গার সন্ধানে বাড়িঘর, আশ্রয়কেন্দ্র, বাঁধ, কাঠের স্তূপ, খড়ের গাদা ও ঝোপঝাড়ে আশ্রয় নেয়। তাই সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর