chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আবাসিক হোটেলে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত ‘রয়েল পার্ক’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ওই নারী ও পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রয়েল পার্ক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টার বুক অনুযায়ী, নিহত যুবকের নাম মোহাম্মদ রিপন (পিতা: মিরাজ আলী, মাতা: সাহারা খাতুন)। অন্যদিকে, কক্ষের ভেতর তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিহত নারীর নাম সোনিয়া বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। হোটেল রেজিস্টারে দেওয়া তাদের নাম ও তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা চট্টগ্রামেরই বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “ফয়’স লেক চিড়িয়াখানার মুখে অবস্থিত আবাসিক হোটেলটি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা নিহতদের সঠিক নাম-পরিচয় ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।”

হোটেল কক্ষে তাদের মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আকবরশাহ থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ পুলিশের একাধিক দল কাজ করছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর