chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

চীনের মর্যাদাপূর্ণ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)”।

চলচ্চিত্রটির প্রযোজক মনোজ প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত সাদা-কালো এই সিনেমাটিতে কুসংস্কার ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে এক অন্ধ নারীর আত্মমুক্তির লড়াই এবং তিন নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। নির্মাতার ভাষ্যে, চলচ্চিত্রটি নারীর স্বাধীনতা, বিশ্বাস ও সামাজিক নিয়ন্ত্রণের প্রশ্নকে কাব্যিক চলচ্চিত্রভাষায় উপস্থাপন করেছে।

উৎসবে ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে পরিচালক ইশতিয়াক আহমেদ, প্রযোজক মনোজ প্রামাণিক এবং প্রধান চরিত্রের অভিনেত্রী সানজিদা আক্তার জুনের দ্বিতীয় সপ্তাহে চীনের সাংহাই-এ যাচ্ছেন। আগামী ১৫ জুন প্রদর্শনীতে তারা উপস্থিত থাকবেন।

২০২২ সালে শুরু হওয়া প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের নির্মাণ ছিল চ্যালেঞ্জপূর্ণ। ২০২৩ সালে শুটিংয়ের কিছু ফুটেজ হারিয়ে যাওয়ার পর পুনরায় শুটিং করে ২০২৫ সালে কাজ সম্পন্ন করা হয়।

ছবিটিতে সানজিদা আক্তার, তাহমিদা রহমান, সুমাইয়া হকসহ একঝাঁক তরুণ শিল্পী অভিনয় করেছেন। উৎসবে প্রদর্শনের পর এটি বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর পরিকল্পনা রয়েছে। পরে বাংলাদেশে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর