chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপি ডিবির অভিযানে

৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) কর্ণফুলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

রোববার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কলেজ বাজার ভাই ভাই মার্কেট এলাকার হযরত শাহ অহিদিয়া জননী মোটরসের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের টিম-৩১ অভিযান চালায়। অভিযান চলাকালে দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার থেকে আসা ঢাকা মেট্রো-গ-২৯-১০৫১ নম্বরের একটি প্রাইভেটকার থামানো হয়। এ সময় গাড়ির চালক মো. আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়।

 

পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়ির ব্যাকডালা তল্লাশি করে একটি লাগেজের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি খাকি কাগজের প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় পাঁচ কেজি বলে জানিয়েছে পুলিশ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলীম পুলিশকে জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও গাড়ির মালিক অপর একটি প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে পুনরায় চেকপোস্ট অভিযান জোরদার করা হয়।

 

এরপর বিকেল আনুমানিক ২টা ৫৫ মিনিটে ঢাকা মেট্রো-গ-২৬-৩৫৮২ নম্বরের আরেকটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা মো. মিজানুর রহমান মিরাজ ও মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিরাজ ও মো. ইলিয়াছের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মুন্নি/ চখ

এই বিভাগের আরও খবর