chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেড থানার অভিযানে ১১ মামলার আসামি ‘জাম্বু’ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার অভিযানে ১১ মামলার আসামি ও চিহ্নিত ছিনতাইকারী নুরুল ইসলাম ওরফে ‘জাম্বু’ (৩৫) গ্রেপ্তার হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নুরুল ইসলামকে আটক করা হয়। তিনি ইপিজেড থানায় দায়ের করা একটি চুরির মামলার পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামের বাড়ি বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকার কুড়িপুকুরপাড়ে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে মোট ১১টি মামলা রয়েছে।

অভিযানটি পরিচালনা করে উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর)-এর নির্দেশনায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। এ সময় অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ শাহীন মিয়া ও সঙ্গীয় ফোর্স।

ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, “মহানগর এলাকায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামি ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

গ্রেপ্তার হওয়া আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর