পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনার পেনাল্টি-ছক!
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে বিজয় উদযাপনের মাঝেই সামনে আসে একটি চমকপ্রদ ঘটনা। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে পাওয়া যায় আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নিয়ে তৈরি বিশেষ নোট, যা টাইব্রেকারের জন্য তার প্রস্তুতির অংশ ছিল।
ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা সমর্থকদের সঙ্গে উদযাপনে ব্যস্ত থাকলেও দলের ম্যাসাজ থেরাপিস্ট মার্সেলো ‘ড্যাডি’ ডি’আন্দ্রেয়া মাঠে পড়ে থাকা পিকফোর্ডের পানির বোতলটি হাতে নেন। বোতলের গায়ে লাগানো একটি কাগজে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নেন—সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা।
টেলিভিশনের ক্যামেরায় দেখা যায়, ডি’আন্দ্রেয়া বোতলটি নিয়ে যান লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও মার্কোস সেনেসির কাছে। মেসি কাগজটি মনোযোগ দিয়ে দেখেন এবং সতীর্থদের সঙ্গে তা নিয়ে আলোচনা করেন। যদিও ম্যাচ নির্ধারিত সময়েই শেষ হওয়ায় টাইব্রেকারের প্রয়োজন হয়নি, তবুও বোঝা যায়, সম্ভাব্য শুটআউটের জন্য পিকফোর্ড কতটা প্রস্তুত ছিলেন।
সেই তালিকায় ছিলেন ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করা এনজো ফার্নান্দেজও। নিজের নাম দেখে হাসতে দেখা যায় তাকে। পরে আকাশের দিকে তাকিয়ে স্বস্তির ভঙ্গিতে ইশারা করেন তিনি, যেন টাইব্রেকারে যেতে না হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন।
পরে আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নোটের একটি বিস্তারিত ছবিও প্রকাশ করেন। সেখানে প্রতিটি সম্ভাব্য আর্জেন্টাইন পেনাল্টি শুটারের জন্য আলাদা নির্দেশনা লেখা ছিল—কেউ সাধারণত ডানদিকে শট নেন, কেউ বাঁদিকে, আবার কারও ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পরামর্শও দেওয়া হয়েছিল।
আধুনিক ফুটবলে গোলরক্ষকদের এমন প্রস্তুতি নতুন নয়। বিভিন্ন দলের বিশ্লেষক ও কোচিং স্টাফ প্রতিপক্ষের খেলোয়াড়দের আগের পেনাল্টির ভিডিও বিশ্লেষণ করে গোলরক্ষকদের জন্য বিশেষ নোট তৈরি করে থাকেন। গুরুত্বপূর্ণ ম্যাচে অনেক গোলরক্ষকই পানির বোতল বা তোয়ালের সঙ্গে এমন তথ্য বহন করেন।
ম্যাচজুড়েই পিকফোর্ড ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল স্পষ্ট। কয়েক দফা বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন গোল করার পর পিকফোর্ডও বিতর্কিত ভঙ্গিতে উদযাপন করেন। পরে আর্জেন্টিনা সমতা ফেরানোর পর ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো পিকফোর্ডের সামনেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
শেষ পর্যন্ত টাইব্রেকারের প্রয়োজন না হলেও, পিকফোর্ডের পানির বোতলে থাকা সেই গোপন নোট ম্যাচ-পরবর্তী আলোচনার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। এটি আবারও দেখিয়ে দিল, আধুনিক ফুটবলে মাঠের লড়াইয়ের পাশাপাশি তথ্য-প্রযুক্তি ও কৌশলগত প্রস্তুতিও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাসু/চখ
