১৪ বছর পর ফের ভারত সফরে মেসির আর্জেন্টিনা
অবশেষে ভারতের ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার অবসান হচ্ছে। ১৪ বছর পর আবার ভারত যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের নিয়ে স্কালোনির দল নভেম্বরে খেলতে নামবে কেরালায়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে।
এএফএর জানাল, দলটির সামনে আছে দুটি ফিফা উইন্ডো। প্রথম উইন্ডোতে (৬–১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রে খেলবে তারা। দ্বিতীয় উইন্ডোতে (১০–১৮ নভেম্বর) অংশ নেবে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায়। তবে ভারতের কোন শহরে খেলা হবে এবং প্রতিপক্ষ কোন দল-সেটি এখনও চূড়ান্ত হয়নি।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান ইতোমধ্যে সফরের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজ্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে যেন আর্জেন্টিনার সফর সফলভাবে আয়োজন করা যায়।
২০১১ সালে শেষবার ভারত সফর করেছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল তারা। এবারের সফর নিয়েও শুরুতে কিছু জটিলতা তৈরি হয়েছিল, তবে সব শঙ্কা কেটে গিয়ে এখন পুরো সূচি পরিষ্কার হয়েছে।
এদিকে শুধু দলগত সফরই নয়, মেসির ব্যক্তিগত ভ্রমণেরও পরিকল্পনা রয়েছে। ডিসেম্বর মাসে তিনি যোগ দেবেন ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’-তে। সেই সফরে কলকাতা, মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদ ভ্রমণের সম্ভাবনা আছে আর্জেন্টাইন কিংবদন্তির।
এশিয়া সফরে আসার আগে বিশ্বকাপ বাছাইপর্ব নিয়েই ব্যস্ত আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে তারা, ১৬ ম্যাচে সংগ্রহ ৩৫ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর ও ব্রাজিলের সংগ্রহ ২৫ পয়েন্ট।
আগামী ৫ সেপ্টেম্বর বুয়েন্স এইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে নামবে আর্জেন্টিনা, আর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হবে।
মআ/চখ
