chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সাজানো ম্যাচ’ অভিযোগ মিশরের, কাঠগড়ায় রেফারি

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন (ইএফএ)। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার রেফারিং দলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে দেশটির ফুটবল সংস্থা।

মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা অভিযোগে দাবি করেছেন, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি ফলাফলে প্রভাব ফেলেছে। তিনি এসব সিদ্ধান্তের তদন্ত চেয়েছেন এবং বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে লেতেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তাফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মিশর। তবে শেষ ১৫ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। প্রথমে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান, এরপর লিওনেল মেসি সমতায় ফেরান দলকে। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করলেও পরে গোল ও অ্যাসিস্ট করে জয়ে বড় ভূমিকা রাখেন মেসি।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া দুটি সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে মিশর। দ্বিতীয়ার্ধে জিকোর আরেকটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়। এছাড়া আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে সম্ভাব্য পেনাল্টির আবেদনও নাকচ করেন রেফারি। মিশরের দাবি, এই দুটি সিদ্ধান্তই তাদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিয়েছে।

ম্যাচ শেষে জিকো রেফারির কড়া সমালোচনা করে বলেন, “রেফারি ভালো ছিলেন না। শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন। তিনি চাননি আমরা জিতি। এটি সাজানো ম্যাচ ছিল।”

এর আগে সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও ক্ষোভ প্রকাশ করে বলেন, তার দল “অন্যায়ের শিকার” হয়েছে। তিনি রেফারির সিদ্ধান্তকে “অন্যায্য” আখ্যা দিয়ে ইঙ্গিত দেন, ম্যাচ পরিচালনায় এমন কিছু ঘটেছে যা তদন্ত হওয়া উচিত।

যদিও বিতর্কের মধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মিশরকে, তবু এটি তাদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের আসরে তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি। অন্যদিকে রোমাঞ্চকর এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর