চট্টগ্রামে ৫ দিনই বৃষ্টির সম্ভাবনা, টেকনাফে ঢুকছে বর্ষা
উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থানের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আগামী পাঁচ দিনই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বা বর্ষা টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যার ফলে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবদুল কালাম মল্লিক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার (৫ দিন) সর্বশেষ পূর্বাভাস থেকে চট্টগ্রাম অঞ্চলের আবহাওয়ার এই চিত্র পাওয়া গেছে।
দিনভিত্তিক চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাস
আজ রবিবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিভাগের কোথাও কোথাও *মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসেও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার এই দিনেও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির ধারা বজায় থাকবে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বুধবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে এদিন চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে সারা দেশের মতো চট্টগ্রামেও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী ৫ দিনের বর্ধিত পূর্বাভাস:
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত চলে আসতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলসহ সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সতর্কতা:
বৃষ্টি ও বজ্রপাতের সময় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই ঝড়-বৃষ্টির সময় উপকূলীয় বাসিন্দা ও সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মুন্নি /চখ
