chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১১ বলে ফিফটি, ১৫ বছরেই বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী। ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি তুলে নিয়ে ক্রিকেট ইতিহাসের দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি।

রোববার (২১ জুন) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের ‘এ’ দলের ওপেনার সূর্যবংশী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। শ্রীলঙ্কার বোলারদের ওপর একের পর এক ছক্কা ও চার হাঁকিয়ে দ্রুত রান তোলেন তিনি। তার ইনিংসটি গড়ে ওঠে এমন ধারায়— ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬।

এর আগে ২০০৫ সালে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্ন ১২ বলে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন। সেই দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশী।

এর আগে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে আচরণগত ঘটনার কারণে আলোচনায় আসেন এই তরুণ ক্রিকেটার। তবে ফাইনালে এসে ব্যাট হাতে দুর্দান্ত জবাব দেন তিনি।

ভারতের বিহারে জন্ম নেওয়া সূর্যবংশী বয়সভিত্তিক ক্রিকেট এবং আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন। মাত্র ১৫ বছর বয়সে এমন পারফরম্যান্স তাকে ভবিষ্যতের অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর