chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ১১ বছরের এনায়েতের

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় টার্ফে ফুটবল খেলতে গিয়ে মাথায় লোহার গোলপোস্ট পড়ে আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত এনায়েত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়ার বাসিন্দা দর্জি বাদশা আলমের ছেলে। সে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্র জানা যায়, গত শুক্রবার সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল এনায়েত। খেলার একপর্যায়ে সে গোলপোস্টে ঝুলে থাকার চেষ্টা করলে লোহার গোলপোস্টটি হঠাৎ ভেঙে তার মাথার ওপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন জানান, এনায়েত তাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় আহত হওয়ার পর চারদিন চিকিৎসাধীন থেকে সে মারা যায়। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর