বিশ্বকাপে রেকর্ড অর্থ পুরস্কার, লাভবান বাংলাদেশও
২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ অর্থ পুরস্কার ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের আসরে মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি বরাদ্দ রাখা হয়েছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। একই সঙ্গে বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে। সেই তহবিলের সুবিধাভোগী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশও।
এবার প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে ৪৮টি দল। তবে বাছাইপর্বে অংশ নেয় ফিফার প্রায় সব সদস্য দেশের জাতীয় দল। বিশ্বকাপ থেকে আয় করা অর্থের একটি অংশ সদস্য অ্যাসোসিয়েশনগুলোর উন্নয়নে বরাদ্দ দেয় ফিফা, যা অবকাঠামো, কোচিং, গ্রাসরুট ফুটবল এবং যুব উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা হয়।
ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার। বিশ্বচ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার, রানার্সআপ ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অধিকারী দল ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২৭ মিলিয়ন ডলার।
এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ২০ মিলিয়ন ডলার, রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ১৬ মিলিয়ন ডলার এবং দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ রয়েছে ১২ মিলিয়ন ডলার। অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রস্তুতি ও যাতায়াত ব্যয়ের জন্য অতিরিক্ত ২ দশমিক ৫ মিলিয়ন ডলারও দেওয়া হয়েছে।
বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, দলের সংখ্যা ৪৮-এ উন্নীত হওয়ায় এশিয়া ও আফ্রিকার দেশগুলোর জন্য বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ বেড়েছে। একই সঙ্গে ফিফা বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করে থাকে। ফলে বাংলাদেশও বিশ্বকাপ-পরবর্তী উন্নয়ন তহবিল থেকে উল্লেখযোগ্য অর্থ সহায়তা পাবে, যা দেশের ফুটবল অবকাঠামো ও গ্রাসরুট উন্নয়নে কাজে লাগানো যাবে।
এদিকে মাঠের লড়াইয়েও এবারের বিশ্বকাপ ইতোমধ্যে নতুন ইতিহাস গড়েছে। ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে ২৯৭টি গোল হয়েছে। সর্বোচ্চ ৮টি করে গোল করে যৌথভাবে গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
আগামী রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ফাইনালের পরই নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন, গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভসসহ বিভিন্ন ব্যক্তিগত পুরস্কারের বিজয়ীদের নাম। ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন তুঙ্গে।
তাসু/চখ
