chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাড়ির সামনেই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হামলায় সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আউয়াল জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক বলেন, “রাত সাড়ে ১১টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত হাদিস মিয়াকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর