chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩০ ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি শুরু

চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়। সেই হতাশা পেছনে ফেলে এখন ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই অংশ হিসেবে রোববার (৫ জুলাই) থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-এ শুরু হচ্ছে ২১ দিনের স্কিল ক্যাম্প। এতে অংশ নেবেন মোট ৩০ জন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় যুব দল গড়ে তোলাই এই ক্যাম্পের মূল লক্ষ্য।

ক্যাম্প শুরুর আগে বিসিবি ইয়ুথ ক্রিকেট লিগের আয়োজন করে। পাশাপাশি খুলনায় ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে একটি প্রস্তুতি ও পর্যবেক্ষণমূলক ট্রেনিং সেশনও অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করা ক্রিকেটারদের নিয়েই শুরু হচ্ছে এই স্কিল ক্যাম্প।

জুনিয়র টাইগার্সের সাবেক প্রধান কোচ নাভিদ নেওয়াজ-এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন হান্নান সরকার। তার অধীনেই শুরু হচ্ছে নতুন যাত্রা।

কোচিং স্টাফে আরও থাকছেন পেস বোলিং কোচ ডলার মাহমুদ, ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম এবং স্পিন বোলিং কোচ আরশাদ খান।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই ক্যাম্প থেকে প্রতিভাবান ক্রিকেটারদের গড়ে তুলে ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল তৈরির লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিসিবি

তাসু/চখ

এই বিভাগের আরও খবর