ময়মনসিংহে নানা-নাতিসহ ৬ জনের প্রাণ গেল সড়কে
বিভাগীয় খবর : ময়মনসিংহ জেলার ভালুুকা, মুক্তাগাছা, ত্রিশাল ও গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নানা-নাতিসহ ছয়জন নিহত ও সাত সেনাসদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে পৃথক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজির সিমলায় দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সাথে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১৫ জন আহত হয়।
তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সিরাতুন নামে এক বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়।
এর আগে একইদিন বেলা ১১টার দিকে জামালপুর-মুক্তাগাছা সড়কের চেচুয়া নামকস্থানে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকসার যাত্রী রিনা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছে।
আহত হয়েছেন সিএনজির আরো তিনযাত্রী। আহতরা হলো-আমির উদ্দিন (২৩), শরিফুল ইসলাম (৩০) এবং সিএনজি চালক সজীব (১৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এই বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে বুধবার সকালে ভালুকা মেহেরাবাড়ীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ক্যাভার্ডভ্যান নানী মর্তুজা বেগম ও নাতি জান্নাতকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়।
এই ঘটনায় নিহতদের চাপা দেওয়া এড়াতে গিয়ে একটি বাস সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দিলে রাস্তার পাশে উল্টে গিয়ে আহত হন ৭ সেনা সদস্য।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তার নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)। ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্বার করেছে এবং আহত সেনাসদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অপরদিকে, সকালে ৯টার দিকে গফরগাঁও-হোসেনপুর সড়কের খুরশিদমহল সেতুর উপর ট্রাকের ধাক্কায় জুবায়ের ঢালী (৩০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত জুবায়ের ঢালী গফরগাঁও উপজেলা সদরের ঘাগড়া গ্রামের হুমায়ুন ঢালীর ছেলে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে শহরের বড়হিস্যা বাজার এলাকায় একটি তেলবাহী লড়ি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মহিন মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় তেলবাহী লড়িটি আটক করা হয়েছে।
চখ/আর এস