chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শিমুকে হত্যা করা হয়েছে কি না জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, যেহেতু মরদেহটি বস্তাবন্দি ছিল এবং গলায় দাগ ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড। তবে এ বিষয়ে আমরা তদন্ত করছি।

এ বিষয়ে জানতে চাইলে নায়িকা সাদিয়া মির্জা বলেন, কেরানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন শিমু আপার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। শিমু আপা রোববার সকাল ১০টা থেকে আজ পর্যন্ত নিখোঁজ ছিলেন।

উল্লেখ্য, শিমু ১৯৯৮ সালে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় দেখা গেছে তাকে। প্রথম সারির পরিচালকদের সিনেমায় অভিনয় করেছিলেন শিমু। গত কয়েক বছর ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন।

স্বামী ও দুই সন্তান নিয়ে শিমু রাজধানীর গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন। সিনেমার পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করতেন শিমু। সাম্প্রতিক সময়ে ফ্যামিলি ক্রাইসিস নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। ২৩টির মতো সিনেমায় অভিনয় করেছেন। ৫০টিরও বেশি নাটকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি।

নচ/চখ