chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডিবি হেফাজতে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী

সাংবাদিক নেতা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার আক্তার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে ডেকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে কী কারণে ইকবাল সোবহানকে ডিবি কার্যালয় ডেকে নেওয়া হয়েছে, তা জানা যায়নি। ডিবিপ্রধান শফিকুল ইসলাম স্ট্রিমকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে ডিএমপির মিডিয়া শাখা সাংবাদিকদের ব্রিফ করবেন।’

ইকবাল সোবহান বর্তমানে ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে আছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ফেনী-২ আসনে নির্বাচন করলেও হেরে যান তিনি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠানো হয়।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর