chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জোরারগঞ্জে পুলিশের একদিনের অভিযানে ২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রামের মিরসরাইয়ে অপরাধ দমনে ধারাবাহিক অভিযানে ২৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় চারটি ট্রাকসহ সাতজন, সার চোরাচালান মামলার তদন্তে তিনজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের দায়ে নয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জোরারগঞ্জ থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৩ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অলংকার হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় চারটি ট্রাকে ভর্তি ৮০০ ঘনফুট বালুসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা জিলতলী পাহাড়ি নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নুর ইসলাম (৫১), জুবায়েদ হোসেন জুয়েল (১৯), আল আমিন (২৩), শাহাদাত হোসেন (২২), মো. রিফাত (১৯), মো. আব্দুল হান্নান (২৪) ও আব্দুল মোমিন (২১)। তাঁদের মধ্যে চারজন ট্রাকচালক ও তিনজন হেলপার। এ ঘটনায় মামলা করা হয়েছে।

এদিকে গত ৩১ অক্টোবর ৩০১ বস্তা সার চোরাচালানের ঘটনায় করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী গ্রীন ভিউ আবাসিক এলাকা থেকে নুর উদ্দিন (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে পাহাড়তলীর অলংকার মোড়ের নিউ ভিউ আবাসিক হোটেল থেকে মো. আল আমিন (৩২) ও মো. জাকির (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের বাড়ি নোয়াখালীর চরজব্বর এলাকায়।

অন্যদিকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে জোরারগঞ্জ থানায় করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কামাল উদ্দিন (৩০) নামে একজনকে বারইয়ারহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত ইকবাল হোসেন (২১) নামে একজনকে করেরহাট বাজার এলাকা থেকে এবং সিআর পরোয়ানাভুক্ত মো. রিয়াজ ও রাশেদা আক্তার নামে দুজনকে পশ্চিম জামালপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে বুধবার রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত বারইয়ারহাট ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ওসি আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সমন্বয় করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

পুলিশের তথ্য অনুযায়ী, এ অভিযানে মাদক সেবনের দায়ে নয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা হলেন আদিদ হোসেন জয় (১৯), ইমতিয়াজ উদ্দিন রানা (২০), ছারোয়ান (২৯), একরামুল (২২), মো. আরমান (২৭), আহাদ হোসেন (১৮), রেজভী আহম্মদ (২১), আব্দুল্লাহ সাইমুন (১৯) ও মো. ইয়াছিন আরাফাত (২১)। তাঁদের মধ্যে জয় ও রানাকে ১০ দিন করে, একরামুলকে তিন দিন, আহাদকে দুই দিন এবং বাকি পাঁচজনকে এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। অবৈধ বালু উত্তোলন, সার চোরাচালান, ডাকাতি ও মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর