‘কনসার্টে কখনোই তাকে নিয়ে যেয়ো না’, বীরকে জাহ্নবীর খোঁচা!
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে অভিনেতা বীর পাহাড়িয়াকে নিয়ে করা এক মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বীর ও তারা সুতারিয়ার সম্পর্ক ভাঙার গুঞ্জনের সঙ্গে তার মন্তব্যের যোগসূত্র খুঁজছেন অনেকে।
অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাহ্নবী। দ্রুত প্রশ্নোত্তর পর্বে সঞ্চালক করণ জোহর তাকে প্রশ্ন করেন, প্রেমের বিষয়ে বীরকে কী পরামর্শ দেবেন? জবাবে জাহ্নবী বলেন, ‘তাকে কখনো কনসার্টে নিয়ে যেয়ো না।’
জাহ্নবীর সংক্ষিপ্ত এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকের ধারণা, বীর ও তারার বিচ্ছেদের গুঞ্জনকে ইঙ্গিত করেই এমন কথা বলেছেন তিনি। তবে এ বিষয়ে জাহ্নবী বিস্তারিত কিছু বলেননি।
কনসার্ট ঘিরে আলোচনার সূত্রপাত
২০২৫ সালের ডিসেম্বরে মুম্বাইয়ে সংগীতশিল্পী এপি ধিলনের একটি কনসার্টে মঞ্চে উঠেছিলেন তারা সুতারিয়া। এ সময় গায়ক তাকে জড়িয়ে ধরেন এবং গালে চুমু দেন। সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়লে দর্শকসারিতে থাকা বীর পাহাড়িয়ার প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
সম্পাদিত কিছু ভিডিওতে বীরকে অস্বস্তিতে দেখা যাচ্ছে বলে দাবি করেন অনেকে। তবে তারা ও বীর শুরুতে এসব আলোচনা নাকচ করে দেন। তাদের ভাষ্য ছিল, অর্থের বিনিময়ে প্রচার চালিয়ে মিথ্যা বয়ান তৈরি করা হচ্ছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ওরি ওই ঘটনার সম্পাদনাবিহীন ভিডিও প্রকাশ করেন। সেখানে বীরকে পারফরম্যান্সের সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
বীর-তারার সম্পর্কের গুঞ্জন
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শুরুর দিকে বীর ও তারা সম্পর্কে জড়ান। ওই বছরের জুলাইয়ের দিকে প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের কথা। ২০২৬ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদের খবর ছড়ালেও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেননি।
এর আগে ২০১৯ সাল থেকে অভিনেতা আদর জৈনের সঙ্গে সম্পর্কে ছিলেন তারা। ২০২৩ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত হয়।
ফরিদা|চখ