chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাকিবের নায়িকা হওয়ার গুঞ্জন, কে এই পাকিস্তানি অভিনেত্রী?

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ছবিতে তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গুঞ্জন ছড়ানোর পর থেকেই আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। প্রশ্ন উঠেছে, কে এই কিনজা হাশমি, কীভাবে গড়ে উঠেছে তাঁর অভিনয়জীবন?

পাকিস্তানের লাহোরে বেড়ে ওঠা কিনজা ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। তবে অভিনয়ের আগে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে মডেলিংয়ের পাশাপাশি রেডিও জকির কাজেও যুক্ত হন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। পরিবারের কেউ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত না থাকলেও নিজের চেষ্টায় পরিচিতি তৈরি করেছেন কিনজা।

কিনজার অভিনয়জীবনে বড় পরিবর্তন আসে ২০১৮ সালে প্রচারিত পাকিস্তানি ধারাবাহিক ‘ইশক তামাশা’র মাধ্যমে। এতে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য হুম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন।

এরপর ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘সংসার’, ‘ফারায়েব’, ‘দলদল’, ‘সিরাত’, ‘মোহলত’ ও ‘হুক’-এর মতো নাটকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’ সিনেমাতেও কাজ করেছেন কিনজা।

এবার শাকিব খানের বিপরীতে অভিনয়ের গুঞ্জনে নতুন করে আলোচনায় এই পাকিস্তানি অভিনেত্রী। সবকিছু চূড়ান্ত হলে দুই দেশের দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শক। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তি পেতে পারে ‘মহব্বত’। তবে শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হিসেবে কিনজাই থাকছেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর