চট্টগ্রামে যাত্রা শুরু প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম ফিক্সউইং
চট্টগ্রামে যাত্রা শুরু করছে প্রযুক্তিনির্ভর সেবা প্ল্যাটফর্ম ফিক্সউইং (FixWing)। দক্ষ কর্মী ও সেবাপ্রত্যাশীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে সহজে কাজ পাওয়া এবং প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ তৈরি করাই উদ্যোগটির মূল লক্ষ্য। এর মাধ্যমে বেকারত্ব কমানো, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমজীবী মানুষের দক্ষতার যথাযথ মূল্যায়নে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সেবার সূচনা ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিও শেখ হাবীব বলেন, বাসাবাড়ির বিভিন্ন সমস্যা সমাধানে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ড্রাইভারসহ নানা পেশার দক্ষ কর্মীর প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় প্রয়োজনীয় কর্মী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, দক্ষতা থাকা সত্ত্বেও অনেক কর্মী নিয়মিত কাজ পান না। ফিক্সউইং প্রযুক্তির মাধ্যমে এই দুই পক্ষের মধ্যে সংযোগ তৈরি করবে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, গ্রাহকেরা যেন তাঁদের প্রয়োজন অনুযায়ী সহজে সেবা পান এবং দক্ষ কর্মীরা যেন কাজের সুযোগ খুঁজে নিতে পারেন। একই সঙ্গে সেবার মান, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহকের আস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে প্ল্যাটফর্মটি।
উদ্যোক্তারা মনে করেন, বেকারত্ব ও দারিদ্র্য কমাতে মানুষের আয় করার সুযোগ সৃষ্টি গুরুত্বপূর্ণ। একজন দক্ষ কর্মী নিয়মিত কাজ পেলে তাঁর নিজের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। এ ক্ষেত্রে প্রযুক্তির কার্যকর ব্যবহার কর্মী ও গ্রাহকের মধ্যে যোগাযোগ সহজ করার পাশাপাশি কাজের সুযোগ বাড়াতে পারে।
ফিক্সউইংয়ের পরিকল্পনায় তরুণদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগের সুযোগও রাখা হয়েছে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি এবং পেশাজীবীদের দক্ষতার স্বীকৃতি বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তাদের মতে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ড্রাইভার ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ দৈনন্দিন জীবন সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের কাজের সুযোগ ও পেশাগত মর্যাদা বাড়ানোও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
প্রাথমিকভাবে চট্টগ্রামে কার্যক্রম শুরু করে পরবর্তী সময়ে দেশের অন্যান্য অঞ্চলে সেবার পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে ফিক্সউইংয়ের। গ্রাহক ও সেবাদানকারীদের মধ্যে আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একটি কার্যকর সেবা নেটওয়ার্ক তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তারা বলেন, ফিক্সউইং কেবল একটি অ্যাপ বা ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং মানুষের প্রয়োজনের সঙ্গে দক্ষতাকে যুক্ত করার একটি প্রচেষ্টা। দক্ষতা থাকা সত্ত্বেও কেউ যেন কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগের যাত্রা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেড অফ আইটি
আব্দুল্লাহ আল মারুফ, সফটও্যায়ার এনালাইসিস্ট
তাহফিমুল সাহিম, জানজিলা খানম, চিফ মার্কেটিং
জয়নাল আবেদিন, মার্কেটিং এক্সিকিউটিভ পারভেজ আলম, সেলস ডিরেক্টর, রেডিসন ও মেয়র মসজিদের খতিব মুফতি মুস্তাফিজ।
ফরিদা|চখ