chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু রোগীদের বাড়ছে বিপজ্জনক জটিলতার ঝুঁকি

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি। জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা কিংবা চোখের পেছনে ব্যথা—ডেঙ্গুর পরিচিত এসব লক্ষণ অনেকের ক্ষেত্রে থাকলেও সবার উপসর্গ এক রকম নয়। কারও জ্বর বা শরীরব্যথা তুলনামূলক কম থাকলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। আবার জ্বর কমে যাওয়ার পরও রোগীর বিপজ্জনক জটিলতা দেখা দিতে পারে।

চিকিৎসকেরা বলছেন, জ্বর কমলেই ডেঙ্গুমুক্ত হয়েছেন, এমন ধারণা বিপজ্জনক। রোগের সংকটকাল সাধারণত জ্বর শুরুর কয়েক দিনের মধ্যে, বিশেষ করে জ্বর কমার সময় দেখা দিতে পারে। এ সময় রক্তচাপ কমে যাওয়া, রক্তক্ষরণ, শ্বাসকষ্ট কিংবা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসের ২১ দিন জেলায় মোট ১,৭৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছেন। এর মধ্যে মহানগরে ৯৩১ জন, বিভিন্ন উপজেলায় ৬৯৭ জন এবং জেলার ১৬৮ জন রয়েছেন।​ অক্টোবরের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এদের মধ্যে মহানগরে ৩ জন, উপজেলায় ৩ জন এবং অন্যান্য জেলার ২ জন। 

ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ওঠার পরও অনেক রোগী দীর্ঘদিন দুর্বলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। প্রায় দেড় মাস আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাংবাদিক আরাফাত বিপ্লব। তিনি বলেন, ‘জ্বর কমেছে, কিন্তু শরীর একেবারে ভেঙে গেছে। হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে। খেতে পারছি না, মাথা ঘোরে। ডেঙ্গুকে শুরুতে যতটা সহজ মনে হয়েছিল, এখন বুঝতে পারছি রোগটি কতটা জটিল হতে পারে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয় চিকিৎসকদের পর্যবেক্ষণের কথা তুলে ধরে বলেছেন, কোন রোগীর শারীরিক অবস্থার কখন দ্রুত অবনতি হবে, তা আগাম নিশ্চিতভাবে বলা কঠিন। এ জন্য রোগীকে পর্যবেক্ষণে রাখা গুরুত্বপূর্ণ। জ্বর, শরীরব্যথা কিংবা বমি কমে গেলেই রোগী বিপদমুক্ত হয়েছেন—এমন ধরে নেওয়া ঠিক নয়। জ্বর কমার পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টা কিছু রোগীর জন্য সংকটপূর্ণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীর শারীরিক অবস্থা, পানিশূন্যতা, রক্তচাপ, প্রস্রাবের পরিমাণ এবং প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষার ফল পর্যবেক্ষণ করতে হয়। শুধু প্লাটিলেটের সংখ্যা দেখে রোগীর অবস্থা কতটা গুরুতর, তা নির্ধারণ করা যায় না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও পর্যবেক্ষণ করতে হবে।

ডেঙ্গুতে সাধারণত জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও অস্থিসন্ধিতে ব্যথা, বমিভাব, বমি এবং কখনো ত্বকে লালচে দাগ দেখা যায়। তবে এসব লক্ষণের সব কটি একসঙ্গে নাও থাকতে পারে।

অন্যদিকে, পেটে তীব্র ব্যথা, বারবার বমি, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, রক্তবমি বা কালো পায়খানা, অস্বাভাবিক দুর্বলতা, অস্থিরতা, অতিরিক্ত তৃষ্ণা, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা প্রস্রাব কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং ডায়াবেটিস, হৃদ্রোগ বা কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। রোগীর অবস্থা খারাপ হলে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা না করে চিকিৎসা নিতে হবে।

ডেঙ্গু শনাক্ত হওয়ার পর অনেক রোগীর পরিবার প্লাটিলেটের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু চিকিৎসকেরা বলছেন, প্লাটিলেট কমে যাওয়াই গুরুতর ডেঙ্গুর একমাত্র নির্দেশক নয়। রক্তচাপ, রক্তক্ষরণ, রক্তনালি থেকে তরল বেরিয়ে যাওয়ার লক্ষণ, প্রস্রাবের পরিমাণ এবং অন্যান্য অঙ্গের কার্যকারিতাও বিবেচনায় নিতে হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত নয়। বিশেষ করে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো ওষুধ রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে। জ্বরের জন্য কোন ওষুধ কত মাত্রায় খেতে হবে, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে। পর্যাপ্ত তরল গ্রহণও জরুরি; তবে রোগীর অবস্থা অনুযায়ী তরলের পরিমাণ ও ধরন চিকিৎসক নির্ধারণ করবেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছিটিয়ে মশা মারার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবন, টায়ার ও জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। নগরের বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ এলাকার জমে থাকা পানি অপসারণে দায়িত্ব নিতে হবে।

ডেঙ্গুর ঝুঁকি কমাতে জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া, বিপদের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।

ফরিদা|তাসু|চখ

এই বিভাগের আরও খবর