হাটহাজারীতে অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৭
হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশার তিনটি ব্যাটারিসহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে যোগীরহাট থেকে খন্দকিয়া বাজারগামী সড়কের পাশের একটি বিলের পানিতে তুষারের মরদেহ পাওয়া যায়। ২২ বছর বয়সী এই তরুণের গলায় রশি ও গামছা প্যাঁচানো ছিল। তবে ঘটনাস্থলে তাঁর ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া যায়নি।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তুষারকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বিলের পানিতে ফেলে দেওয়া হয়। পরে ছিনতাই করা অটোরিকশাটি বিক্রির চেষ্টার তথ্যও পেয়েছে পুলিশ।
মামলার তদন্তে দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের চলাচলের তথ্য সংগ্রহ করা হয়। এর ভিত্তিতে গত ৭ অক্টোবর একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ১৫ ও ১৬ অক্টোবর পৃথক অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অটোরিকশার বিভিন্ন অংশ ও তিনটি ব্যাটারি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তরুণ অটোরিকশাচালক হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে মামলার আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
মআ/চখ