chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু ও হামের উপসর্গে ১০ মৃত্যু, ভর্তি ২ হাজার ৮২২

ডেঙ্গু ও হামের উপসর্গে শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২২ জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে সাতজনের মৃত্যু এবং নতুন ১ হাজার ৮৭২ জনের ভর্তির তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৭৭১ জন।

অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ৩ জনের মৃত্যু এবং ৮৫ জনের নিশ্চিত সংক্রমণসহ ৯৫০ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৭ জনে (নিশ্চিত হামে ১০৪ ও উপসর্গ নিয়ে ১ হাজার ৫৩)। এই সময়ে মোট ২ লাখ ১১ হাজার ৯৯০ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৮৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ২৬০, খুলনায় ২৩৩, বরিশালে ১৯৯, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ৬৭, রংপুরে ৫৯ ও সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকার তিনজন, ফরিদপুরের দুজন এবং ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে একজন করে মারা গেছেন।

বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন, যাদের মধ্যে মারা যান ১ হাজার ৭০৫ জন। এরপর ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, যাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর