ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল কর্মী নিহত
ফটিকছড়িতে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. সজিব উদ্দিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
১৭ অক্টোবর (শনিবার) দুপুর ২টা নাগাদ উপজেলার আজাদী বাজার সংলগ্ন হেঁয়াকো–গহিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব রোসাংগিরী ইউনিয়নের মনুর বাপের বাড়ির মো. রফিকুল আলমের ছেলে। এ ঘটনায় মুহাম্মদ রায়হান নামে অন্য এক যুবক গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আজাদী বাজার থেকে মোটরসাইকেল যোগে ২ যুবক নানুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনা সংগঠিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ২ যুবক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে সজিব নামের উক্ত যুবককে মৃত হয়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহিম জানান, সজিব নামের যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মাথায় গুরুতর জখম হয়েছিল। অপর আহত যুবককে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মআ/চখ