chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘টুপটুপ’ রিসোর্টের ম্যানেজার সুমনকে হেফাজতে নিয়েছে পুলিশ

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহতের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার সুমনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা, কর্মীদের দায়িত্ব, অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ম্যানেজার সুমনের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয় সদস্য রয়েছেন।

অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রিসোর্টটির অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না এবং চলতি বছরের জুনে এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।

প্রাথমিকভাবে রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার থেকেও আগুনের সূত্রপাত হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং রিসোর্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ম্যানেজার সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজন হলে এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।

এদিকে আগুনে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

মআ/ চখ

এই বিভাগের আরও খবর