সেপ্টেম্বরে সড়কে ঝরলো ৪২৩ প্রাণ,আহত ৬৭৪
শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে বাড়ি ফিরবেন লাখো মানুষ। এ সময় গণপরিবহনের সংকট, অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে বিশৃঙ্খলার আশঙ্কার মধ্যে নিরাপদ যাত্রা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে সংগঠনটি। দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি বিভিন্ন সুপারিশও জানানো হয়।
সংগঠনটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ৪৪২টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১৫৬টি ছিল মোটরসাইকেলকেন্দ্রিক। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৯ জন। এ ছাড়া ১০৬ জন পথচারী এবং দায়িত্ব পালন বা ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশের কারণে ৫৩ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার কারণ বিশ্লেষণে সংগঠনটি জানায়, ১৬৮টি দুর্ঘটনা ঘটেছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে। ১০৯টি ঘটনায় পথচারীকে ধাক্কা বা চাপা দেওয়া হয়েছে এবং ৯৮টি ঘটনায় যানবাহনের সংঘর্ষ ঘটেছে।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বাধিক ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে গাজীপুরে সর্বোচ্চ ৩৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে সংগঠনটি। রাজধানী ঢাকায় ৫২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন, আহত ৪৭ জন।
সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও দুর্ঘটনার তথ্য তুলে ধরে সংগঠনটি। তাদের হিসাবে, সেপ্টেম্বরে ২৩টি ট্রেন দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১১টি নৌদুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নৌদুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন চারজন।
যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের পর্যবেক্ষণে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, চালকদের প্রশিক্ষণ ও বিশ্রামের ঘাটতি এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা। সংগঠনটির মতে, দীর্ঘ সময় বিরতিহীনভাবে গাড়ি চালানো এবং চালকদের কর্মঘণ্টা ও বেতনব্যবস্থায় অনিয়মও দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।
দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের ভোগান্তি কমাতে চাহিদা অনুযায়ী গণপরিবহন নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংগঠনটি। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারেরও দাবি জানানো হয়।
এ ছাড়া মহাসড়কে সিসিটিভি ক্যামেরা ও স্পিড গান ব্যবহার, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, চালকদের নির্ধারিত কর্মঘণ্টা ও বিশ্রাম নিশ্চিত করা এবং দূরপাল্লার যাত্রায় বিকল্প চালক রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
সংগঠনটি যাত্রীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে বা যানবাহনের ছাদে ভ্রমণ না করা, মোটরসাইকেলে মানসম্মত হেলমেট ব্যবহার এবং নির্ধারিত স্থান দিয়ে সড়ক পার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কামারুন নাহার, সাধারণ সম্পাদক সায়মুন নাহার জিদনীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মতে, উৎসবের ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকারি সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ফরিদা|চখ