টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।
এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেরানতলী রাস্তার মাথায় দুই অপরিচিত কিশোর-কিশোরীর ঘোরাফেরার খবর পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাদের আটক করেন। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।
পরে প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। উদ্ধার হওয়া কিশোর জমির হোসেন (১৫) টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা।
অন্যদিকে, কিশোরী মরিয়মের (১৪) বাড়ি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকায়।
এপিবিএনের তথ্য অনুযায়ী, তারা দুজনই শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজ হয়েছিলেন।
পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের কাছে এবং মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
তাসু/চখ